ইভ্যালির সার্ভার বন্ধ করে দিয়েছে অ্যামাজন

১৮ জানুয়ারি, ২০২২ ১১:০০  
সম্পদকে তারল্যে রূপান্তর করে দায়-দেনা মেটানো ও ব্যবসায় পরিচালনায় অবসায়নের পথে হাঁটছে ই-ভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। উচ্চ আদালতের রায়ে সেক্ষেত্রে সায়ও পেয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ। আদালতের সবুজ সঙ্কেত পেয়ে এই পর্ষদ যখন প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বিলাসবহুল গাড়িসহ অন্যান্য সম্পদ বিক্রি করে পরিচালন ব্যয় বহন করার পথে হাঁটছেন; তার আগেই বন্ধ হয়ে গেছে ই-ভ্যালির সবচেয়ে দামি ভার্চুয়াল সম্পদ ই-ভ্যালির ওয়েব সাইট ই-ভ্যালি ডটকম ডটবিডি। আপডেট হচ্ছে না ইভ্যালির ফেসবুক পেইজটিও। সরকারের পক্ষ থেকে সাইটটি বন্ধ করে দেয়া না হলেও মূলত সাইটটির সার্ভার বন্ধ করে দেয়ায় তা বন্ধ হয়ে গেছে বলে জানাগেছে। সূত্রমতে, ই-ভ্যালি’র এই ওয়েবসাইটটি হোস্ট করা অ্যামাজনের সার্ভারে। দেনার দায়ে সেখান থেকেই সার্ভারটি বন্ধ করে দেয়ায় খুলছে না ই-ভ্যালির ওয়েবসাইটটি।